প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৬ , ১২:৩৭:০৭ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডে অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাজারের সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টটিতে আগুন জ্বলে ওঠে। এসময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৩টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের ৯টি দোকান পুড়েযায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, মসজিদের মাইকে ঘোষণা শুনে বাজারে গিয়ে তারা দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খবর পাওয়া গেলেও সড়ক ভাল না থাকার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।














