সারাদেশ

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ

  মোহাম্মদ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৫ , ১১:২১:৩৭ প্রিন্ট সংস্করণ


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘জুলাই ঐক্য’।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমার দেশ, তোমার দেশ—বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন চলবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মাহফুজুর রহমান কিরণ, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রোকনুজ্জামান ও ইয়াকুব রহমান শ্রাবন, গণ অধিকার পরিষদের রোকনুজ্জামান এবং জুলাই যোদ্ধা মফিজুল হক প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার নিয়ে কথা বলায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। তাঁর মৃত্যুতে সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়েছে।

তারা আরও বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

আরও খবর

Sponsered content