মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি: ২২ এপ্রিল ২০২৬ , ৭:৪৪:৩০ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশগমনের পথ সহজ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। “ইন্টারন্যাশনাল এডুকেশন সেমিনার ২০২৬”-এ ৩০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে আইইএলটিএস (IELTS) করার সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সেমিনারে দেশ-বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে ‘ওয়ান টু ওয়ান ফ্রি কাউন্সেলিং’-এর মাধ্যমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ, ভিসা প্রসেসিং এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হয়।
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিদেশে পড়াশোনা নিয়ে তাদের নানা প্রশ্ন ও সংশয় দূর হয়েছে। বিশেষ করে বিনামূল্যের কাউন্সেলিং সেশন তাদের জন্য বেশ সহায়ক হয়েছে।
জকসুর ভিপি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে আন্তর্জাতিক মানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সেজন্যই ৩০০ জনের জন্য ফ্রি আইইএলটিএস-এর ব্যবস্থা করা হয়েছে।”
জকসুর জিএস বলেন, “আমরা শুধু আইইএলটিএস নয়, বরং কোন দেশে কীভাবে আবেদন করতে হবে, কীভাবে স্কলারশিপ পাওয়া যায়—এসব বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে সহায়তা দিচ্ছি।”
অনুষ্ঠানটি পরিচালনায় একটি আন্তর্জাতিক শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান সহযোগিতা করে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















