সারাদেশ

কালকিনিতে জমি দখল ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ, সংবাদ সম্মেলন

  ইব্রাহিম সবুজ স্টাফ রিপোর্টার, মাদারীপুর ৩ মে ২০২৬ , ১০:১৮:২০ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনি উপজেলায় জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা এবং বসতবাড়ির প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (২ মে) সন্ধ্যায় কালকিনি মডেল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মিসেস নিহার হক ও তার ছেলে বাবু হাওলাদার।

তারা অভিযোগ করেন, কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া এলাকায় তাদের নিজস্ব বসতভিটা দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নানা ধরনের হয়রানি করে আসছে। শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায় এবং বসতবাড়ির প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়।

এ ঘটনায় দুলাল বেপারী, শাহজাহান বেপারী, জিন্নাত আলী, জসিম, জুয়েল, লিটন, স্বপন, পারভেজ ও নসিব হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাধা দিলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন ও অশালীন ভাষায় গালিগালাজ করে। এ সময় বাড়িতে থাকা চারটি সিসি ক্যামেরা ও দুটি মোবাইল ফোন ভাঙচুর করা হয়। এছাড়া বাড়ির আঙিনায় রোপণ করা বেশ কয়েকটি চারা গাছ কেটে ফেলে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Sponsered content