সারাদেশ

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে: পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ২০ মে ২০২৬ , ১১:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ

“তারেক রহমান কমিটমেন্ট দিয়ে গেছেন এয়ারপোর্ট করবেন, সেখানে আর কোনো প্রশ্ন থাকে না” উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, জনগণকে দেওয়া বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর স্বপ্নও পূরণ হবে।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শীবগঞ্জ সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে আমরা বেরিয়ে আসছি। আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, নিজেদের মত প্রকাশ করতে পারছি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা, আন্তরিকতা ও মূল্যবান ভোটের কারণেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই হবে আমাদের প্রথম দায়িত্ব।”

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আফরোজা খানম রিতা বলেন, “আপনারা যে স্বপ্ন দেখছেন, এখানে বিমানবন্দর হবে। ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব। তবে একটু ধৈর্য ধরতে হবে। আমরা এমনভাবে কাজ করতে চাই যেন এটি স্থায়ী ও টেকসই হয়।”

তিনি বলেন, “আমি ওয়াদা করে গেলাম, তারেক রহমানের নেতৃত্বে সেই ওয়াদা রক্ষা করতে চাই। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ বাস্তবায়নে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, “সরকার গঠনের মাত্র তিন মাসের মধ্যেই প্রধানমন্ত্রী কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। জনগণের জীবনমান উন্নয়নে সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যেন এমন কোনো কাজ না করি যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয়। বিএনপি ত্যাগের দল। জেল-জুলুম, মামলা-হামলা ও নির্যাতনের মধ্য দিয়ে দলটি আজকের অবস্থানে এসেছে।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content