সারাদেশ

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শাহজাদপুরে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

  শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ২৩ মে ২০২৬ , ৯:৩৪:২২ প্রিন্ট সংস্করণ

রামিসা, আছিয়াসহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং জনসচেতনতা বৃদ্ধির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতীকী লাশ নিয়ে ব্যতিক্রমধর্মী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে শাহজাদপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুরের সর্বস্তরের জনগণের পক্ষে সামাজিক সংগঠন রূপান্তর এ কর্মসূচির আয়োজন করে।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা রামিসা, আছিয়াসহ শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মিছিল শেষে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তারা।

প্রতীকী লাশ বহন করে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মিছিলটি শাহজাদপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় পথচারীদের মধ্যেও সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জিদান হোসেন, রাতুল বিন হোসেন, আরাফ রহমান, বাসার খন্দকার, আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।

আরও খবর

Sponsered content