চাকরি

আয়রন ব্রীজ ভেঙে পড়ে চরম ভোগান্তিতে আগৈলঝাড়ার জনগণ

  রাসেল হাওলাদার, আগৈলঝাড়া প্রতিনিধি: ২৬ অক্টোবর ২০২৫ , ৪:৪৩:০৫ প্রিন্ট সংস্করণ

 

বরিশালের আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের আওলা গ্রামে নিম্নমানের নির্মাণের কারণে একটি আয়রন ব্রীজ এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অল্প যানবাহন বা পথচারী চলাচলেই ব্রীজটি কেঁপে ওঠে ও নিচে দেবে যায়। ফলে হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে নির্মিত এই আয়রন ব্রীজটি বারপাইকা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের আওলা এলাকায় অবস্থিত। ব্রীজটি এলাকার দুই পারের মানুষদের জন্য প্রধান যোগাযোগের মাধ্যম। কিন্তু এর নিম্নমানের কাজের কারণে এটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সম্প্রতি একটি ঠেলাগাড়িতে ছোট গাছ পরিবহনের সময় ব্রীজটি আগের চেয়ে আরও নিচে দেবে যায়। এতে করে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিবন্ধী ও মাছ ব্যবসায়ীরাও এপার-ওপার যেতে পারছেন না।

এলাকাবাসী জানান, “ব্রীজটি ভেঙে পড়ায় জনজীবন অচল হয়ে গেছে। শিশুদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে নেওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা-নেওয়া সব কিছুই কঠিন হয়ে পড়েছে।”

ভুক্তভোগীরা দ্রুত ব্রীজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদনও করেছেন।

এলাকাবাসীর দাবি—অতি দ্রুত আয়রন ব্রীজটি পুনর্নির্মাণ করে মানুষের চলাচলের উপযোগী করা হোক।

আরও খবর

Sponsered content