রাজনীতি

সরকারের ব্যর্থতার কারণেই সন্ত্রাসী ঘটনার বিস্তার: সাইফুল হক

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৫:০০:৪০ প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্রজুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসাথে তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এই শোক ও সমবেদনা জানান।

বিবৃতিতে তিনি ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ও ছায়ানট ভবনে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট, নিউ এজ সম্পাদক বরেণ্য সাংবাদিক নূরুল কবীরকে হেনস্থা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

সাইফুল হক বলেন, এসব সন্ত্রাসী ঘটনার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। তিনি বলেন, সরকারের নজিরবিহীন ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার কারনে একের পর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারছে।

তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারসহ বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতা অংশ। এর লক্ষ্য দেশকে আরও নৈরাজ্য ও সংঘাত সংঘর্ষের পথে ঠেলে দেওয়া, যাতে আগামী ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচন ও গণভোট বানচাল হয়ে যায়।

তিনি আরও বলেন, যারা স্বাধীন সংবাদপত্রসহ গণ মাধ্যমের কন্ঠরোধ করতে চায় তারা ২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষের মানুষ নয়, তারা গণতন্ত্রেরও কেউই নয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, সরকারের দূর্বলতা ও অকার্যকারিতার সুযোগ গ্রহণ করছে নানা স্বার্থান্বেষী চক্র। পতিত ফ্যাসিস্টদের মত এরাও উগ্র বলপ্রয়োগ ও জবরদস্তির মাধ্যমে নতুন আর এক ধরনের ফ্যাসিস্ট চিন্তা চেতনা চাপিয়ে দিতে চায়।তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অধিকার সচেতন মানুষ কোন ধরনের জবরদস্তি আর উগ্রবাদকে গ্রহণ করবেনা।

সাইফুল হক বলেন, এসব সন্ত্রাসী ঘটনার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এই বার্তা যাচ্ছে গণঅভ্যুত্থানের দেড় বছর পরেও বাংলাদেশে নানানামের চরমপন্থীরা বিপজ্জনকভাবে তৎপর। এদের এদব তৎপরতার পিছনে সরকার কোন না কোন অংশের মদদ দানের কথাও আলোচিত হচ্ছে।

তিনি অবিলম্বে প্রথম আলো, ডেইলি স্টার,ছায়ানটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।একইসাথে তিনি এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত গণপ্রতিরোধ জোরদার করার আহবান জানান

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে।তিনি বলেন,আগামী জাতীয় নির্বাচন ও গণভোট কোনভাবেই ঝুঁকিতে নিপতিত করা যাবে না।

আরও খবর

Sponsered content