প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৮:০৫:৫৫ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরস্বদেশ প্রত্যাবর্তন ও তাকে দেওয়া সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে জনদুর্ভোগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে দলটি।
তারেক রহমান দেশে ফেরায় বৃহস্পতিবার বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির কারণে রাজধানীর স্বাভাবিক জনজীবনে যে ভোগান্তি তৈরি হয়েছে, তাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বিএনপি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি দুপুরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
এতে বলা হয়, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে দেশে ফেরেন। তাকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় সমবেত হন। এতে ঢাকা মহানগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়। বিপুল মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট ও দুর্ভোগ সৃষ্টি হওয়ায় বিএনপি গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য দলটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।





















