রাজশাহী প্রতিনিধি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৪:৩৪ প্রিন্ট সংস্করণ
রাজশাহী নগরীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত মোস্তফা নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। রাতের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি খোসা উদ্ধার করেছে পুলিশ।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে আনার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলির চিহ্ন এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।




















