মোঃ শামীম মিয়া, স্টাফ রিপোর্টার ২৯ নভেম্বর ২০২৫ , ১১:২১:৫৬ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ধান কাটার হারভেস্টার মেশিনের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৮) নামে এক প্রথম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মসূয়া ইউনিয়নের চরআলগী দক্ষিণ–পূর্ব পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ ওই গ্রামের শাজাহানের ছেলে এবং প্রতিভা কিন্ডারগার্টেনের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের ক্ষেতে ধান কাটার হারভেস্টার মেশিন দেখতে যায় ছোট্ট সাজ্জাদ। এ সময় একটি জমি থেকে অন্য জমিতে মেশিনটি সরানোর সময় অসাবধানতাবশত সে মেশিনের সামনে পড়ে যায়। এতে গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মসূয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন আজাদ বলেন, “ধান কাটার সময় অসাবধানতাবশত শিশুটি দৌড়াদৌড়ি করে মেশিনের ধাক্কায় পড়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুকছেদুর রহমান জানান, “সাজ্জাদ হোসেন নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থী ধান কাটার মেশিনের ধাক্কায় নিহত হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।”
অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, সহপাঠী ও প্রতিবেশীরা তার অকাল প্রয়াণে শোকাহত।





















