সারাদেশ

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১৯ জানুয়ারি ২০২৬ , ২:৪৪:১৭ প্রিন্ট সংস্করণ


ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী এবং শৈলকূপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুই দিন আগে বিষ্ণুদিয়া গ্রামে একটি মসজিদের জমির সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে সোমবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়।

তিনি আরও জানান, এলাকায় উত্তেজনা থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর

Sponsered content