সারাদেশ

ঈদের আনন্দ ম্লান করে বগুড়ায় ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ বন্ধু

  বগুড়া প্রতিনিধি: ২৯ মে ২০২৬ , ১১:১১:৫২ প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বের হয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে আবু রায়হান (১৮) এবং উপজেলার শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে তামিম হোসেন (১৮)। আবু রায়হান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তামিম হোসেন শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আহতরা হলেন রাজন, সিয়াম, হাসান ও ছামির। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ উদযাপন করতে কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে ধুনটের দিকে যাচ্ছিলেন। পথে শুভগাছা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা আরও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে ঘটনাস্থলেই আবু রায়হানের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেনের মৃত্যু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঈদের দিনে দুই তরুণের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content