আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৪:৪৪:৪০ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা-পুত্র আহত হয়েছেন। তারা বর্তমানে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) উপজেলার বারপাইকা গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার বাড়ির পেছনে কয়েকজন ব্যক্তি মাদকসেবন করছিলেন বলে অভিযোগ ওঠে। এ সময় জাহাঙ্গীর মোল্লা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীর মোল্লার ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে মো. জুলহাস মোল্লাও আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জুলহাস মোল্লা অভিযোগ করেন, তার বাবা মাদকসেবনে বাধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হামলা চালায় এবং তিনি বাবাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়।
এ ঘটনায় জুলহাস মোল্লা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “অভিযোগের ভিত্তিতে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকসেবন ও মাদক-সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদকসেবন ও মাদক-সংক্রান্ত কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।




















