অপরাধ

আগৈলঝাড়ায় হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ৪:২৫:০৫ প্রিন্ট সংস্করণ

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুরকে একটি হামলা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রীশিরা গ্রামের মৃত মবিন বাহাদুরের ছেলে ইউনুস বাহাদুরের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়।

একই গ্রামের বাসিন্দা মো. ইকবাল বাহাদুর বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘটিত হামলায় ইকবাল বাহাদুর গুরুতর আহত হন। এতে তার হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মো. ইকবাল বাহাদুর বলেন, “ইউনুস বাহাদুর ও তার সহযোগীরা আমার ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে আমার হাত ভেঙে যায়। পরে আমি থানায় মামলা দায়ের করি।”

মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনুস বাহাদুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “দায়েরকৃত মামলার পরিপ্রেক্ষিতে ইউনুস বাহাদুরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content