মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ৫:৪০:১৭ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের কাছে নিজস্ব সূত্রে তথ্য আসে যে, বোয়ালিয়া থানাধীন শেখেরচক পাচানী মাঠ সংলগ্ন এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনারের নির্দেশনায় একটি বিশেষ পুলিশ টিম অভিযান পরিচালনা করে। তাঁর তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বোয়ালিয়া মডেল থানার শেখেরচক পাচানী মাঠ এলাকা থেকে মোছা. সাহেরা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং মোবারক ফকিরের স্ত্রী।
আটকের সময় তার কাছ থেকে ২৫ পুরিয়া হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত আরও কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।














