মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৪:০০:৫৪ প্রিন্ট সংস্করণ
দেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা মেটাতে এবং ধান চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে নওগাঁর মান্দায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সতীহাটে এ কর্মসূচি আয়োজন করা হয়। সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক এবিএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শহিদুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে শায়লা শারমিন বলেন, জমির পরিমাণ কমলেও জনসংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে অল্প জমিতে বেশি ফলন পেতে আধুনিক উৎপাদন পদ্ধতি ও উচ্চফলনশীল হাইব্রিড জাতের বিকল্প নেই। তিনি আমন মৌসুমে ‘ব্র্যাক ধান-১০’ ও ‘রাজা’ জাতের ধান চাষে গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ব্র্যাক সিডের রাজশাহী অঞ্চলের সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম কৃষকদের আধুনিক বীজতলা তৈরি, সঠিক সময়ে চারা রোপণ, সার প্রয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। পাশাপাশি লাইন পদ্ধতিতে রোপণ ও আধুনিক চাষাবাদ কৌশলের উপকারিতা তুলে ধরা হয়। আধুনিক কৃষিযন্ত্র, বিশেষ করে স্প্রেয়ার ব্যবহারে কৃষকদের আগ্রহ লক্ষ্য করা যায়।
ধানের বিভিন্ন রোগ ও পোকামাকড় দমন এবং জৈব বালাইনাশকের ব্যবহার সম্পর্কেও কৃষকদের সচেতন করা হয়। এছাড়া উৎপাদন বাড়ানো ও মানসম্মত চাল পেতে আধুনিক হারভেস্টিং ও পোস্ট-হারভেস্টিং পদ্ধতি নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় এলাকার প্রায় ৬০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছে, যা উৎপাদন ব্যয় কমিয়ে লাভ বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র টিএসও মো. সবুজ উদ্দিন, ডিলার মো. আব্দুল মান্নান মানিকসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।














