প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ৬:২৫:১৯ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী আয়োজিত নৈশভোজ বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করেই মূলত এবার বাজেট পরবর্তী এই নৈশভোজ বাতিল করা হয়েছে। এই উদ্যোগের ফলে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানা গেছে।
প্রথা অনুযায়ী প্রতি বছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশভোজ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে সাধারণত প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্য, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করে থাকেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতি বছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এর বাইরেও প্রতি বছর অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকা খরচ করার নজির রয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০১৮-১৯ অর্থবছরে এই আপ্যায়ন খাতে মোট ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা ব্যয় হয়েছিল।
আতিকুর রহমান রুমন আরও জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের খাবার সরবরাহ করত। বিগত সরকারের সময়ের এই খাতের বিপুল পরিমাণ অর্থ এখনো বকেয়া রয়ে গেছে, যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।
উল্লেখ্য যে, গত ১১ জুন জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছিলেন। আজ সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তির পর বিকেল ৪টার দিকে জাতীয় বাজেট সর্বসম্মতিক্রমে পাস হয়।




















