সাঈদ ইবনে হানিফ: ৩ জুলাই ২০২৬ , ১২:৩১:১০ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে স্থানীয় বাগডাঙ্গা বাজারে চিকিৎসকের কাছে নেওয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।
নিহত শিশুটি রাধানগর গ্রামের মনিরুল ইসলামের আনুমানিক এক বছর বয়সী ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। কয়েকদিন আগে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিল। বৃহস্পতিবার বিকেলে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় বাগডাঙ্গা বাজারে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।
শিশুটির চাচি জানান, জন্ম থেকেই সে নিউমোনিয়ায় ভুগছিল। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, এর আগেও মনিরুল ইসলামের আরেকটি শিশু সন্তান মারা যায়। পরপর দুই সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন শিশুটির বাবা-মা।
এ ঘটনায় প্রতিবেশী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





















