অপরাধ

মাদ্রাসাছাত্রকে বিষ পান করিয়ে হত্যার অভিযোগ, মৌলভীবাজারে শিক্ষক গ্রেপ্তার

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসাছাত্র আশিকুল ইসলাম জনি (১৪)-কে বিষ পান করিয়ে হত্যার অভিযোগে মাহবুব আলম মাহী (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার মাহবুব আলম মাহী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামের মৃত মুকিদ মিয়ার ছেলে। র‍্যাব জানায়, তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের একটি হিফজুল কোরআন মাদ্রাসায় শিক্ষক ছিলেন।

র‍্যাবের ভাষ্য, প্রায় তিন বছর আগে আশিকুল ইসলাম জনি ওই মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়ে হাফেজ হওয়ার জন্য পড়াশোনা করছিল। মাদ্রাসার অর্থনৈতিক অনিয়ম ও শিক্ষার্থীদের জন্য সংগৃহীত দান-খয়রাতের অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল-আমিন হোসাইন ও শিক্ষক মাহবুব আলম মাহীর বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২২ এপ্রিল রাতে অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়ার পর আসামিরা পূর্বপরিকল্পিতভাবে জনিকে মারধর করে গুরুতর আহত করেন এবং জোরপূর্বক বিষ পান করান। পরে তাকে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে গিয়ে ‘জিনের আছর’ হয়েছে বলে পরিবারের সদস্যদের জানানো হয়।

পরবর্তীতে জনিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটে মৌলভীবাজার সদর মডেল থানার মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মাহবুব আলম মাহিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content