প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ , ৩:১৫:৫৬ প্রিন্ট সংস্করণ
কর্ণফুলী টানেল সংযোগ সড়ক উন্নয়ন ও আনোয়ারা উপজেলা সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণে দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এর মধ্যে কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ২৬৬ কোটি ১৪ লাখ টাকার কাজ পেয়েছে রানা বিল্ডার্স। অন্যদিকে, শিকলবাহা-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় বাড়ছে ৫৬ কোটি ৯০ লাখ টাকা। এতে প্রকল্পটির সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ৩২৩ কোটি ৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, চট্টগ্রাম সড়ক জোনের অধীন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘কর্ণফুলী টানেল (আনোয়ারা) হতে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক (জেড-১০৪০) উন্নয়ন’ প্রকল্পের একটি প্যাকেজের কাজ পেয়েছে রানা বিল্ডার্স (প্রাইভেট) লিমিটেড। এ কাজের চুক্তিমূল্য ধরা হয়েছে ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা।
অন্যদিকে, ‘আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়ককে চার লেনে উন্নীতকরণ (শিকলবাহা-আনোয়ারা সড়ক)’ প্রকল্পের প্রথম সংশোধনীর আওতায় একটি প্যাকেজের ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
প্রকল্পটির আওতায় শিকলবাহা-আনোয়ারা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন নির্মাণ, সড়কের বাঁধ প্রশস্তকরণ এবং সড়কের মধ্যবর্তী স্থানে বৃক্ষরোপণের কাজ করার কথা রয়েছে।
এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ২৬৬ কোটি ১৪ লাখ ৬২ হাজার ৯৪৯ টাকা। এখন ভেরিয়েশন অর্ডার-১-এর মাধ্যমে অতিরিক্ত ৫৬ কোটি ৯০ লাখ ৭ হাজার ৩১৫ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ৩২৩ কোটি ৪ লাখ ৭০ হাজার ২৬৫ টাকা। মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে ২১ দশমিক ৩৭৯ শতাংশ।
প্রকল্পটির কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও তাহের ব্রাদার্স লিমিটেডের যৌথ উদ্যোগ (জেভি)।





















