সারাদেশ

গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৬ , ৪:০২:৪১ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। অভিযানে সংশ্লিষ্টদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উমর বাজারে সাংবাদিক দুলালের ওপর হামলা হয় বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, স্থানীয় বালু ব্যবসায়ী গোলজার হোসেনের ছেলে কামরুজ্জামান ও তার ছোট ভাই আমানুজ্জামান আমানসহ কয়েকজন তার ওপর হামলা করেন। এ সময় মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন।

ঘটনার প্রতিবাদে রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধেও প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করা হয়েছে।

আহত সাংবাদিক দুলালকে দেখতে হাসপাতালে যান স্থানীয় সাংবাদিক, দৈনিক প্রতিদিনের বার্তার নির্বাহী সম্পাদক, কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল হোসেন, রংপুর জেলা যুবদল সদস্য ও গঙ্গাচড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি শামীম মিয়া, গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর, ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক বলেন, “সত্য সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা হয় এবং হামলাকারীদের যথাযথ শাস্তির আওতায় আনা না হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হবে।”

আরপিইউজের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান বলেন, “সাংবাদিক দুলালের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। আমরা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছি।”

আরও খবর

Sponsered content