খেলাধুলা

অ্যাডামসের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু দক্ষিণ আফ্রিকা পুলিশের

  প্রতিনিধি ১৪ জুলাই ২০২৬ , ১০:১৯:০১ প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়ে দেশে ফেরার অল্প সময়ের মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়।

২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের মরদেহ কেপটাউনের স্কটসে ক্লুফ এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। শনিবার দক্ষিণ আফ্রিকার ফুটবলারদের সংগঠন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে এখনো তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ম্যাচ খেলেন অ্যাডামস। এর মধ্যে দুটি ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের আগের দিন তার দাদি মারিয়ানা অ্যাডামস মারা যান। সেই শোকের মধ্যেও তিনি মাঠে নেমে দেশের হয়ে খেলেন। পরে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের হারের ম্যাচেও শুরুর একাদশে ছিলেন।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে ২৮ জুন কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমকে অ্যাডামসের বাবা হুয়ানিতো অ্যাডামস বলেন, ‘আমাদের পরিবার এখনো এই শোক সামলে উঠতে পারছে না। সামনে এগিয়ে যাওয়া সহজ হবে না।’

তিনি আরও বলেন, ‘অনেকে বলেন সময়ের সঙ্গে সব সহজ হয়ে যায়। কিন্তু তা হয় না। মানুষ শুধু শোক নিয়ে বাঁচতে শিখে। সামনে আমাদের জন্য কী অপেক্ষা করছে, সেটাই এখন দেখার বিষয়।’

ছেলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জেডেনের মৃত্যুর খবর শুনে সারা বিশ্ব প্রতিক্রিয়া জানাচ্ছে। বিষয়টি খুবই কষ্টের। আমরা বুঝতে পারছি, মানুষ তার ফুটবল এবং তাকে কতটা ভালোবাসত।’

শনিবার ইংল্যান্ড ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে জেডেন অ্যাডামসের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, ‘দাদির মৃত্যুর পরও দেশের জার্সি গায়ে তুলে মাঠে নামার সিদ্ধান্ত তার অসাধারণ চরিত্র ও পেশাদারিত্বের প্রমাণ। এত অল্প বয়সে তিনি যে মানসিক দৃঢ়তা দেখিয়েছেন, তা আজীবন মনে থাকবে। দক্ষিণ আফ্রিকা এমন একজন অসাধারণ তরুণকে হারাল।’

আরও খবর

Sponsered content