রাজনীতি

আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ: মামুনুল হক

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৫ , ৭:২২:৫১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেন, ‘এ দেশের যুবসমাজ দেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। অনেক রঙের বাংলাদেশ দেখেছেন, অনেক নেতার বাংলাদেশ দেখেছেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নবীনগর সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ধর্ম বর্ণ ভিন্ন মত, সবার জন্য খেলাফত’—স্লোগানকে সামনে রেখে আল্লামা মামুনুল হক বলেন, ‘প্রত্যেক ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে, শান্তি সমৃদ্ধি সাম্যের বাংলাদেশ আমরা উপহার দেব।’

এদেশের প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারি অফিসে ঘুষ ছাড়া এক পার্সেন্ট কাজও করা যায় না। এর জন্য দায়ী সরকারের অব্যবস্থাপনা। উন্নয়নের গল্প বলা হয়, উন্নয়ন তাদের হয়, যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়। এদেশে টাকা লুণ্ঠন করে যারা বিদেশে পাচার করে, বিদেশে বসে আনন্দ-ফুর্তি করে তাদেরই উন্নয়ন হয়।’

আলেমদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, ‘এদেশের আলেম সমাজ সাধারণ মানুষের রাজনীতি করে। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য খেলাফতের মার্কা রিক্শা, গরিব-দুঃখী মেহনতি মানুষের মার্কা রিক্শা। তাই ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে একজন ইনসাফ সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইনকে রিকশা প্রতীকে একক প্রার্থী ঘোষণা করেন।’

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফির সভাপতিত্বে আরো বক্তব্য দেন- কেন্দ্রীয় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, উপজেলা খেলাফত মজলিসে সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

আরও খবর

Sponsered content