প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ , ১:৪৭:৫১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে সদ্য সমাপ্ত একমাত্র টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাইকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তার শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির আচরণবিধির প্রথম স্তরের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন জাজাই। খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের জন্য প্রযোজ্য আচরণবিধির ২.৪ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করা অপরাধ।
ঘটনাটি ঘটে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের ১৩৯তম ওভারে। সে সময় দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্বে থাকা জাজাইকে একাধিকবার মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট করা বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন মাঠের আম্পায়াররা। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে তিনি আবারও আম্পায়ারদের অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করেন।
আইসিসি জানিয়েছে, জাজাই নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি তার বিরুদ্ধে অভিযোগ আনেন।
গত ২৪ মাসে এটিই জাজাইয়ের প্রথম অপরাধ। আইসিসির আচরণবিধির প্রথম স্তরের অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট।





















