ওমান প্রতিনিধি ২১ মে ২০২৫ , ৩:০২:৩১ প্রিন্ট সংস্করণ
আরব সাগরের পূর্ব-মধ্য অঞ্চলে একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় গঠনের আভাস পাওয়া গেছে।ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২১ থেকে ২২ মে’র মধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে ওমানের আবহাওয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই সিস্টেমের কারণে আগামী পাঁচ দিনের মধ্যে দেশের ওপর কোনো সরাসরি বা পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড়টি যদি গঠিত হয়, তবে এটি আরব সাগরের পূর্বাংশে উত্তর দিকে অগ্রসর হবে। ভারতের পশ্চিম উপকূল, বিশেষ করে কর্ণাটক, গোয়া ও গুজরাট অঞ্চলে এই ঝড়ের প্রভাব পড়তে পারে। সেখানে ইতোমধ্যে জেলেদের জন্য সমুদ্রে যাওয়ার উপর সতর্কতা জারি করা হয়েছে।
ওমানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে সতর্কতা জারি করা হবে। মাস্কাট ও আশপাশের অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক রয়েছে, এবং তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
আবহাওয়া বিভাগ সকল নাগরিক ও প্রবাসীদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে।
রবিউল হোসেন /এমআই





















