অপরাধ

আশাশুনিতে মুদি দোকান থেকে ৮০০ লিটার পেট্রোল জব্দ

  সাতক্ষীরা প্রতিনিধি ৩১ মার্চ ২০২৬ , ১০:৪৯:২৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার একটি মুদি দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে হাফিজুর রহমানের মুদি দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসান।

ম্যাজিস্ট্রেটরা জানান, অবৈধভাবে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে তারা ওই দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দোকান মালিক হাফিজুর রহমান কৌশলে পালিয়ে যান। পরে দোকানের পেছন থেকে চারটি ড্রামে সংরক্ষিত ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

তারা আরও জানান, হাফিজুর রহমানের স্ত্রী মারুফার উপস্থিতিতে জব্দকৃত পেট্রোল স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে বিক্রি করা হয়।

এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দোকানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content