অপরাধ

নেত্রকোনার সীমান্তে চোরাচালান অব্যাহত, ভারতীয় পণ্য জব্দ

  নেত্রকোনা – ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১১:০৮ প্রিন্ট সংস্করণ

জেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান থামছে না। প্রতিদিন দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলের অন্তত ২৫টি পয়েন্ট দিয়ে মাদক, ভারতীয় গরু ও অন্যান্য পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করছে। স্থানীয়দের অভিযোগ, চোরাচালানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন জনপ্রতিনিধি, প্রশাসন ও বিজিবি।

সোমবার কলমাকান্দা উপজেলায় পুলিশের অভিযান চালিয়ে ৩৬০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। অভিযানে তন্ময় আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ভবানীপুর, নাজিরপুর ইউনিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুরের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। জব্দকৃত জিরার ১২টি বস্তার প্রতিটি ৩০ কেজি, যেখানে ‘VP WORLD NO.1 JEERA’ লেখা ছিল।

স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের আগে ভারতীয় মসলা, কসমেটিকস ও অন্যান্য পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় চোরাকারবারিরা সীমান্ত দিয়ে এগুলো দেশে আনছে। এতে দেশের স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সীমান্তবর্তী দুর্গাপুরে সোমবার ৪৮ বোতল ভারতীয় মদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দ করেছে। ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, ভরতপুর বিওপি এলাকার বিশেষ টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে মদগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রের দাবি, সীমান্তে দীর্ঘদিন ধরে চোরাচালানে লাইনম্যান, বিজিবি ও স্থানীয় সিন্ডিকেট সক্রিয়ভাবে সহায়তা করছে। অবৈধ পণ্য বাজারে প্রবেশ করিয়ে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content