নিজস্ব প্রতিবেদক | ঢাকা: ৩ আগস্ট ২০২৫ , ৪:০২:০০ প্রিন্ট সংস্করণ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ মূল্য নির্ধারণ করে সংস্থাটি। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,২৭৩ টাকা। একই সঙ্গে, অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন করে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২ জুলাই বিইআরসি ১২ কেজির সিলিন্ডারে ৩৯ টাকা কমিয়ে দাম নির্ধারণ করেছিল ১,৩৬৪ টাকা। সেইসঙ্গে অটোগ্যাসের দাম কমেছিল ১ টাকা ৮৪ পয়সা, যা নতুন করে দাঁড়িয়েছিল ৬২ টাকা ৪৬ পয়সা প্রতি লিটার।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমায় দেশের বাজারেও এই মূল্য হ্রাস করা হয়েছে।
এলপিজি ব্যবহারকারী পরিবার ও পরিবহন সংশ্লিষ্টরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, সাম্প্রতিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ ধরণের উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দেবে সাধারণ মানুষকে।




















