মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ১৯ জুন ২০২৬ , ১২:৪২:২৩ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করা হয়।
২০ জুন পর্যন্ত চলবে এ মেলায় দেশীয় মৌসুমি ফল, ফল চাষের আধুনিক প্রযুক্তি, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে।
মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, পুষ্টি সচেতনতা তৈরি এবং বাণিজ্যিকভাবে ফল উৎপাদন সম্প্রসারণের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
তবে স্থানীয় কয়েকজন দর্শনার্থী ও সচেতন নাগরিকের মতে, মেলাটি উন্মুক্ত স্থানের পরিবর্তে উপজেলা পরিষদের হলরুমে আয়োজন করায় সাধারণ মানুষের অংশগ্রহণ কিছুটা সীমিত হয়েছে। তাদের দাবি, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও উন্মুক্ত পরিবেশে আয়োজন করা হলে কৃষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বেশি উপকৃত হবেন।
এ বিষয়ে আয়োজকরা জানান, সীমিত পরিসরে আয়োজন হলেও কৃষকদের কাছে ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি ফলভিত্তিক কৃষি সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।




















