বিনোদন

কেমন আছেন আশা ভোঁসলে

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ , ১২:০৮:৩৯ প্রিন্ট সংস্করণ

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গতকাল শনিবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। শুরুতে হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও, গায়িকার নাতনি জানিয়েছেন, বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম সর্বশেষ তথ্য অনুযায়ী, কিংবদন্তি গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গায়িকার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, তিনি আগের চেয়ে ভালো আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

গতকাল শনিবার রাতে আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার ঠাকুমা আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা সবার কাছে আমাদের গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে। শিগগিরই আমরা ভালো খবর দেব।’

আশা ভোঁসলের অসুস্থতার খবরে চিন্তার ভাজ শোবিজ অঙ্গনের তারকাদের কপালে। জনাইয়ের পোস্টে অভিনেতা অনুপম খের লিখেছেন, ‘উনার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’ অভিনেতা নীল নিতিন মুকেশ দ্রুত আরোগ্য কামনা করেছেন। এছাড়াও সঞ্জয় কাপুর ও তানিশা মুখার্জিসহ আরও অনেক তারকা গায়িকার সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৪৩ সালে ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে সংগীতপ্রেমীদের উপহার দিয়েছেন ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’, ‘পিয়া তু আব তো আজা’ থেকে শুরু করে মেলোডিয়াস গান ‘দিল চিজ কেয়া হ্যায়’- এর মতো জনপ্রিয় সব গান।

ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন আশা ভোঁসলে। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল- বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ সিনেমার সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।

আশা ভোঁসলে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরও খবর

Sponsered content