প্রতিনিধি ১৫ মে ২০২৬ , ১২:৩২:০৪ প্রিন্ট সংস্করণ
বৈবাহিক জীবনের চার বছর যেন স্বপ্নের মতোই কাটছিল অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ার। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করার পর থেকেই তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই তারকা দম্পতি।
সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে তারা জানান, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রেখেই আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়টাকে ব্যক্তিগতভাবে সামাল দেওয়ার জন্য সবার সহযোগিতাও কামনা করেন তারা। একই সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে অতিরঞ্জিত বা ভুল ব্যাখ্যা না দেওয়ার অনুরোধও জানান।
বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা। তবে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশ কয়েক মাস ধরেই আলাদা থাকছিলেন দু’জন। সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হওয়া এবং পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণেই এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে দাম্পত্যের ইতি টানলেও একসঙ্গে কাটানো সুন্দর সময় ও বন্ধুত্বকে সবসময় মূল্য দেবেন বলে জানিয়েছেন মৌনী ও সুরজ।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গোপন রাখার পর ২০২২ সালে বিয়ের মাধ্যমে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন মৌনী ও সুরজ। বিয়ের পর বিভিন্ন অনুষ্ঠান, ভ্রমণ এবং ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করতেন তারা। তাই হঠাৎ করেই তাদের সম্পর্কে দূরত্বের খবর ভক্তদের অবাক করেছে।











