অপরাধ

কাশিয়ানীতে নারী ধর্ষণ: রেস্টুরেন্ট কর্মচারী গ্রেপ্তার, মালিক পলাতক

  গোপালগঞ্জ প্রতিনিধি: ২ এপ্রিল ২০২৬ , ১:৪১:১১ প্রিন্ট সংস্করণ


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টের কর্মচারী রাকিব মোল্লা (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লা পলাতক রয়েছেন।

বুধবার সকালে উপজেলার গোপালপুর এলাকার ‘কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিব মোল্লা উপজেলার পোনা গ্রামের হিরু মোল্লার ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত রাকিব একই রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। রাকিব বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তিনি কৌশলে সুযোগ খুঁজতে থাকেন। গত ১৪ মার্চ রুম পরিষ্কারের কথা বলে তাকে একটি নির্জন কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লার সহযোগিতায় রাকিব মোল্লা ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে গত ২৫ মার্চ ভুক্তভোগী নারী কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন। মামলায় রাকিব মোল্লা ও মজনু মোল্লাকে আসামি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, প্রধান আসামি রাকিব মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content