প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ২:৩৩:৪৪ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা কারিগরি ট্রেনিং সেন্টারে (টিটিসি) জেলা প্রশাসনের সহযোগিতায় ‘ডিজিটাল মার্কেটিং ফর এসএমই’জ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আকতার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমানে অধিকাংশ মানুষ বাজারে গিয়ে কেনাকাটার সময় পান না এবং অনলাইনে পণ্য ক্রয়ের দিকে ঝুঁকছেন। তাই উৎপাদিত পণ্য অনলাইনে প্রচার ও বাজারজাত করতে পারলে বিক্রয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
তিনি নিজেও অনলাইনে পণ্য ক্রয় করেন উল্লেখ করে বলেন, কর্মজীবী মানুষের ব্যস্ততার কারণে অনলাইন মার্কেট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সাতক্ষীরার উৎপাদিত পণ্যের মান ভালো উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত ব্যবসায়ীরা কখনো মানুষকে ঠকান না। গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করলে ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই বেশি বিক্রি করতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আলী আব্বাস। তিনি বলেন, উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তা দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং পণ্য বিক্রয় আরও সহজ হবে। তিনি আরও বলেন, প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের পণ্য সারা বাংলাদেশসহ বিশ্ববাজারে তুলে ধরাই এসএমই ফাউন্ডেশনের লক্ষ্য।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) সাতক্ষীরা জেলা সভাপতি ও রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জি. এম. নাজমুস সাকিব। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাদের পণ্যের প্রসার ঘটাতে পারবেন এবং ব্যবসার প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হবেন। তিনি এ প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখা এবং অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অপু হালদার। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের ব্যবসার উন্নয়ন হবে বলে তারা আশাবাদী।














