প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ২:০০:৩০ প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনের কাছে ঢাকা মেইল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ৮ ঘণ্টা পর ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গতকাল সোমবার রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশন ছাড়ার পর পরই এ দুর্ঘটনা ঘটে। এর ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় এই রুটের বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ২টা ৫৫ মিনিটে ভৈরব বাজার জংশনে পৌঁছে কেবিন মাস্টারের কাছ থেকে সামনে অগ্রসর হওয়ার সংকেত পায়। জংশন থেকে ১৫০ মিটারের মতো অগ্রসর হওয়ার পর ইঞ্জিনের পরের চতুর্থ কোচটি লাইনচ্যুত হয়। এতে স্টেশনের আপ ও ডাউন লাইন বন্ধ হয়ে যায়।
স্টেশন মাস্টার আরও জানান, দুর্ঘটনার পরপরই লাইন থেকে ট্রেন সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি। পরে সকালে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।














