ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি | ৯ মার্চ ২০২৬ , ৭:৪২:১৭ প্রিন্ট সংস্করণ
“যে দামে ক্রয়, সেই দামে বিক্রয়” স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী ‘বিনা লাভের বাজার’ শুরু হয়েছে। সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট–এর উদ্যোগে সোমবার দুপুরে এই বাজারের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন ও মনিটরিং শাখার উপপরিচালক ফারিহা নিশাত। এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম, সদর যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার এবং ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদেরসহ অনেকে।
পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন কুড়িগ্রাম–রংপুর মহাসড়কের পাশে এই বাজার বসানো হয়েছে। বাজারে এক হালি ডিম ২৮ টাকা, শসা ১৬ টাকা, শিম ও আলু ১২ টাকা, পিয়াজ ও ফুলকপি ২২ টাকা, ধনিয়া পাতা ৩০ টাকা, বরবটি ৬৮ টাকা এবং বেগুন ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
আয়োজকরা জানান, ৯ মার্চ থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এই বাজার চলবে। প্রতিদিন সাধারণ ক্রেতারা এখান থেকে এক কেজি করে সবজি এবং এক হালি ডিম ক্রয় করতে পারবেন।














