আইন-আদালত

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিল খারিজ, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

  কুমিল্লা প্রতিনিধি : ১ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৮:৩৬ প্রিন্ট সংস্করণ

মঞ্জুরুল আহসান মুন্সী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের প্রেক্ষিতে রবিবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে গত ২১ জানুয়ারি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশন (ইসি)-এর দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে, আপিলকারী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন এই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আপিলে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। ফলে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রার্থিতা ফিরে পেতে তিনি ইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন, যা শেষ পর্যন্ত খারিজ হয়ে যায়।

আরও খবর

Sponsered content