প্রচ্ছদ

ক্ষমতা বা আসনের বিনিময়ে কোনো সমঝোতা নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৩:০০:১৪ প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কোনো রাজনৈতিক সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা নীতিগত জায়গা থেকেই হতে হবে। ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির আদর্শ, নীতি ও লক্ষ্য অটুট থাকবে।”

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রচারণায় গেলে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি-ধমকি পাচ্ছেন। এমনকি পরিবারের সদস্যদেরও মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল প্রশাসনে নিজেদের লোক রাখার কথা বলছে। এখনো প্রশাসনে আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বহাল রয়েছে— উল্লেখ করে তিনি তাদের অপসারণের দাবি জানান।

মনোনয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সৎ প্রার্থী দিচ্ছি, এটাই আমাদের চমক। বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসে এটিই সবচেয়ে বড় চমক।” তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত। সংসদে সুযোগ পেলে এনসিপি সংস্কার বাস্তবায়নে কাজ করবে।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চলছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করছে দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, দলটির মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৪৮৪ জন। রবি ও সোমবার দুই দিন ধরে আবু সাঈদ কনভেনশন সেন্টারে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে দলটি।

আরও খবর

Sponsered content