আব্দুল আলীম প্রামানিক, গঙ্গাচড়া (রংপুর) ৩ আগস্ট ২০২৫ , ৮:০১:৫৭ প্রিন্ট সংস্করণ
গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকলেও গত আট মাস ধরে সেবা নেই কোনো নিয়মিত ড্রাইভার। এতে জরুরি মুহূর্তে রোগী পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসের শেষ দিকে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত ড্রাইভার বদলি হয়ে যান। এরপর থেকে এখন পর্যন্ত কোনো নতুন ড্রাইভার নিয়োগ হয়নি। ফলে রোগী রেফার কিংবা জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠানে নেওয়ার মতো সরকারি পরিবহনের ব্যবস্থা নেই।
বিকল্প হিসেবে রোগীদের ভরসা এখন বেসরকারি ‘লক্কর-ঝক্কর’ অ্যাম্বুলেন্স। এসব জরাজীর্ণ পরিবহন ব্যবহারে যেমন বাড়তি অর্থ ব্যয় হচ্ছে, তেমনি ঝুঁকিও নিতে হচ্ছে।
সম্প্রতি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের এক গর্ভবতী নারী (ললিতা ছদ্মনাম) স্বাভাবিক প্রসবের উদ্দেশ্যে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিন্তু পরদিন সিজারিয়ান অস্ত্রোপচারের প্রয়োজন হলে তাকে রংপুরে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। বাধ্য হয়ে তারা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করেন।
ওই অ্যাম্বুলেন্স চালক শামীম জানান, রংপুরে পৌঁছাতে ভাড়া দিতে হয় এক হাজার টাকা। অথচ সরকারি অ্যাম্বুলেন্স থাকলে কিলোমিটারপ্রতি ১০ টাকা হিসেবে সর্বোচ্চ ৩০০ টাকা খরচ হতো।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার বলেন, হ্যাঁ, গত আট মাস ধরে কোনো ড্রাইভার নেই। এতে রোগীদের যে ভোগান্তি হচ্ছে, তা আমি স্বীকার করি। বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে।




















