জাতীয়

গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরাই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে: আদিলুর রহমান

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ২৩ জানুয়ারি ২০২৬ , ১২:৩০:০২ প্রিন্ট সংস্করণ

গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরাই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, দেশের সাধারণ জনগণ ও জনতার প্রবল জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির সামনে ‘৩৬ জুলাই যোদ্ধা’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

আদিলুর রহমান খান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই একটি নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম হয়েছে। এই গণ-অভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, যারা গণ-অভ্যুত্থানের সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করেছে, তারাই আজ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করছে। তবে দেশের মানুষ সেই ষড়যন্ত্র ভালোভাবেই বুঝে গেছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, রংপুরের প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ফ্যাসিবাদের পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। তাই জুলাই সনদের পক্ষে গণভোট অপরিহার্য। একটি জাতির জীবনে শত বছরে এমন সুযোগ আসে না। একই সঙ্গে সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দেবে— এ বিষয়ে আমরা আশাবাদী।

এ সময় তিনি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক খৃষ্টফার হিমেল রিছিলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content