রাজনীতি

৩০০ ফিটের পথে তারেক রহমান, সংবর্ধনা মঞ্চে সংক্ষিপ্ত ভাষণ দেবেন

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ২:০৭:৩৪ প্রিন্ট সংস্করণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (সাবেক ৩০০ ফিট) এলাকায় আয়োজিত সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি বুলেটপ্রুফ বাসে করে তিনি সংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন।

এর আগে দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

এরও আগে একই দিন সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে উড়োজাহাজটি।

বাংলাদেশের আকাশে প্রবেশের পর বৃহস্পতিবার সকাল ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন তারেক রহমান। সেখানে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

তারেক রহমানকে সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে আজ রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় বৃহৎ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার রাত থেকেই সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢলে বৃহস্পতিবার সকালে পুরো ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশবাসী অপেক্ষমাণ—তাকে একনজর দেখার জন্য, তার দুটি কথা শোনার জন্য।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে বিগত ৫৫ বছরের মধ্যে আজ একটি অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। দেশবাসী ও বিশ্ববাসী এই মুহূর্ত প্রত্যক্ষ করবে। আমরা আশা করি, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

আরও খবর

Sponsered content