কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধি: ৯ অক্টোবর ২০২৬ , ২:০২:১০ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৯টি পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামিলুর রহমান, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, বিভিন্ন বিজিবি ক্যাম্পের সুবেদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা দুর্গাপূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফেরদৌস ইসলামসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া পূজামণ্ডপের আশপাশে যানজট নিয়ন্ত্রণ, সড়কে দর্শনার্থীদের নিরাপদ চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এসব কাজে স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও জোর দেন বক্তারা।
সভায় ইউএনও অমৃত দেব নাথ বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভা শেষে সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।





















