প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ , ১:২৪:৪৩ প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহের পরিচয় তার সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেছেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।’
এর আগে গতকাল বুধবার বিকেলে রাজধানীর উত্তরখান এলাকা থেকে তাহসিফের লাশটি পাওয়া যায়। গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে জানতে চাইল নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, অজ্ঞাতনামা হিসেবে তাহসিফের মরদেহ উদ্ধার করেছিল। মরদেহের সঙ্গে একটি মুঠোফোন ছিল। এই মুঠোফোনের মাধ্যমে তার পরিচয় জানা যায়।
তিনি আরও বলেন, তারা জানতে পেরেছেন, তাহসিফ গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর কয়েকজনের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। তিনি আর বাসায় ফেরেননি। পরিবারও তার খোঁজ পাচ্ছিল না।
এদিকে মরদেহ উদ্ধারের বিষয়ে নৌ পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পাওয়া যায় যে রাজধানীর উত্তরখান থানা এলাকার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদে একটি মরদেহ ভাসছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যান নৌ পুলিশের সদস্যরা। তারা অজ্ঞাতনামা এক ব্যক্তির (পুরুষ) মরদেহ উদ্ধার করেন। তার বয়স অনুমানিক ২৮ বছর।
প্রতিবেদনে আরও বলা হয়, তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। যার মরদেহ উদ্ধার করা হয়, তার পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে ঘড়ি। তার পকেটে আইফোন পাওয়া যায়। এই আইফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
নৌ পুলিশের তথ্যমতে, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। বাবার নাম কে এম এনায়েতুর হেলাল।
নৌ পুলিশ বলেছে, ময়নাতদন্ত শেষ হলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এজন্য নৌ পুলিশের একটি দল মর্গে রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, তার বাবার সঙ্গে তারা যোগাযোগ করেছেন। তিনি বলেছেন, নিজেদের মধ্যে আলোচনা করে থানায় অভিযোগ দেবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে দেশত্যাগের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটি তাহসিফ সাউরি ধারণ করেছিলেন বলে আলোচনা রয়েছে।















