গাজীপুর প্রতিনিধি: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১:০৪:৩২ প্রিন্ট সংস্করণ
গাজীপুর-২ আসনের টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট গণনার সময় এক ব্যক্তিকে পর্যবেক্ষক পরিচয়ে গণনাকক্ষে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে।
ভোট গণনার সময় প্রিজাইডিং অফিসার সন্দেহভাজন ওই ব্যক্তিকে পর্যবেক্ষক পরিচয়ে কার্ড দেখিয়ে গণনার স্থানে বসতে দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
খবর পেয়ে গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ জসিম উদ্দীন ভাট কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রের বাইরে পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত বাকবিতণ্ডার পর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে কেন্দ্রে প্রবেশ করেন।
পরে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিয়ে আপত্তি তুলে তাকে গণনাকক্ষ থেকে বের করে দেওয়া হয়। এরপর ভোট গণনা কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে বলে জানা গেছে।
হাজী জসিম উদ্দীন ভাট বলেন, “ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ভোটারদের অধিকার রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। কোনো অনিয়ম দেখলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করি।”
স্থানীয় নেতারা জানান, এ ঘটনার পর কেন্দ্রে গণনার পরিবেশ শান্তিপূর্ণ থাকে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।














