মনোয়ার হোসেন রুবেল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৭ আগস্ট ২০২৫ , ১২:৪৪:২৯ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই মাদরাসাপড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ভোররাত সাড়ে ৪টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা হলো— রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।
জানা গেছে, দুজনেই ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। শুক্রবার গভীর রাতে তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে থাকে। মাদরাসার লোকজন ও স্থানীয়রা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আব্দুল আলিম জানান, “দুজনের মধ্যে একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি পরিষ্কার হবে।”
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “মধ্যরাতে মাদরাসায় থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তারা মারা যায়। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।




















