প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:৩৮:৩২ প্রিন্ট সংস্করণ
বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা ও মানব ঐক্যের বার্তাকে স্বীকৃতি জানিয়ে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড উঠেছে তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার হাতে। ৯০ বছর বয়সে প্রথমবারের মতো তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলেন।
লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয় গ্র্যামির ৬৮তম আসর। সেখানেই ‘সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে দালাই লামার স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’ বিজয়ী হয়।
এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান।
অ্যালবামটিতে দালাই লামার বিভিন্ন বক্তৃতা ও শিক্ষার অংশ তুলে ধরা হয়েছে, যেখানে মানুষের কল্যাণ, শান্তি, পরিবেশ সুরক্ষা ও বৈশ্বিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার অফিস সূত্রে জানানো হয়েছে, গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় এবং বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের অংশগ্রহণে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে।
এই বিশেষ সংগীত প্রকল্পে দালাই লামার সঙ্গে কাজ করেছেন প্রখ্যাত সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান এবং তার দুই ছেলে আমান আলি ব্যাঙ্গাশ ও আয়ান আলি ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সংগীতের সঙ্গে দালাই লামার বর্ণনা মিশিয়ে এতে শান্তি, দয়া, আশা ও সহমর্মিতার এক গভীর অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।
গ্র্যামি পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় দালাই লামা জানান, তিনি এই সম্মান গ্রহণ করছেন গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে। তার ভাষায়, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং বিশ্বজুড়ে শান্তি, মানবিক ঐক্য এবং পরিবেশ রক্ষার বার্তার প্রতি এক ধরনের স্বীকৃতি।
প্রকল্পটির বিষয়ে আমজাদ আলি খান বলেন, দালাই লামার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এটি ছিল তার জন্য এক গভীরভাবে ব্যক্তিগত কাজ। শান্তি ও আশার অনুভূতিকে কেন্দ্র করে এক নতুন ধরনের চিন্তাশীল সংগীতের অভিজ্ঞতা তৈরি করতে পারা তার কাছে বিরাট সম্মানের।











