সারাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২৬ , ১২:৪৮:২৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় হঠাৎ আগুন লেগে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার বোয়ালখালী থানার পশ্চিমবঙ্গ বানু মেম্বার টেক পৌরসভা এলাকার কনফিডেন্স লবণ কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালী থানার রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২), রাঙ্গুনিয়া থানার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগড়া থানার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজান থানার মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালী থানার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালী থানার নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়া থানার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আলম (৪৫), পটিয়া থানার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশ থানার আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)।

জানা গেছে, শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলাউদ্দিন জানান, দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ-ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, বেলা ১১টার দিকে কারখানায় ওয়েল্ডিং মেশিনে কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। এতে ৮ থেকে ১০ জন শ্রমিক দগ্ধ হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরও খবর

Sponsered content