প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৬ , ১১:৫১:৪৮ প্রিন্ট সংস্করণ
ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। রায়ান চেরকি ও আর্লিং হালান্ড দুজনেই জোড়া গোল করেছেন। এই জয়ে সিটি প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতল।
গতকাল শুক্রবার রাতে সেলর্হাস্ট পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হালান্ড ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান। হেড থেকে করা তার গোলেই এগিয়ে যায় সিটি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে চেরকি গোল করলে ব্যবধান হয় ২-০। প্যালেসের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে কাছ থেকে বল জালে পাঠান তিনি।
মিনিট দুয়েক পর ম্যাচের ৫৬ মিনিটে ব্যবধান কমায় প্যালেস। তবে নিজেদের প্রচেষ্টায় নয়। অতিথিদের আত্মঘাতী গোলে কমে এক গোলের ব্যবধান। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক বারে লেগে ফিরে এসে সিটি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পিঠে লেগে জালে জড়িয়ে যায়।
তিন মিনিট পর আবারও সিটির দুই গোলের ব্যবধান ফিরিয়ে আনেন চেরকি। প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে নিজের প্রথম জোড়া গোল সম্পন্ন করেন তিনি ৫৯ মিনিটে। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট ডিফ্লেক্ট হয়ে গোলরক্ষক ডিন হেন্ডারসনের নাগালের বাইরে চলে যায়।
ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড। তার গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করে সিটি।
দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে মৌসুমের শুরুতেই প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি।
এই জয়ের পর সিটি প্রায় এক সপ্তাহ বিশ্রাম পাবে। এরপর তাদের পরের ম্যাচ নতুন প্রমোশন পাওয়া দল কভেন্ট্রি সিটির বিপক্ষে। তার পরের সপ্তাহে তারা ওল্ড ট্র্যাফোর্ডে যাবে। সেখানে তারা এই মৌসুমের প্রথম ডার্বি ম্যাচেম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে।









