খেলাধুলা

চোখে আঘাত নিয়েও রেকর্ড গড়লেন মেসি

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১১:৩০:১৪ প্রিন্ট সংস্করণ

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ চলাকালীনচোখে আঘাত পেয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে তার ডান চোখে আঘাত লাগে। পরে মাঠেই চিকিৎসা নিতে হয় এই তারকা ফুটবলারকে।

ম্যাচের একপর্যায়ে সুইজারল্যান্ড সমতায় ফেরার পর হাইড্রেশন ব্রেকের সময় মেডিকেল স্টাফরা দ্রুত মেসির কাছে ছুটে যান। তার ডান চোখে বরফ প্রয়োগ করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুটা অস্বস্তিতে থাকলেও চিকিৎসার পর তিনি খেলা চালিয়ে যান।

চোটের মাঝেও মাঠে নিজের ছাপ রেখে গেছেন মেসি। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার রেকর্ডে ব্রাজিল কিংবদন্তি পেলের সমান হয়েছেন তিনি। এ অর্জনের মাধ্যমে বিশ্বকাপে নিজের অসাধারণ ধারাবাহিকতা আরও একবার প্রমাণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে ম্যাচে আরেকটি ঘটনাও আলোচনায় আসে। একপর্যায়ে রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন মেসি। রেফারির কথা বলার ভঙ্গিতে অসন্তোষ প্রকাশ করে তিনি মাঠেই প্রতিবাদ জানান।

মেসিকে বলতে শোনা যায়, ‘ঠিকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি।’

যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং খেলা নির্বিঘ্নে শেষ হয়। চোট ও উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্যেও দলের আক্রমণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আরেকটি ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন মহাতারকা।

আরও খবর

Sponsered content