জবি প্রতিনিধি: ২২ মে ২০২৬ , ৯:০৩:১০ প্রিন্ট সংস্করণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে শিপন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান সরকার শুভ দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (২২ মে) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সোহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের।
নবনির্বাচিত সভাপতি শিপন সরকার বলেন, “গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠনের দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে সংগঠনকে এগিয়ে নিতে চাই। পাশাপাশি আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার চেষ্টা করবো।”
সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ বলেন, “ছাত্রকল্যাণ সংগঠন যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবো। সিনিয়র-জুনিয়র সবার সহযোগিতায় জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।”




















